সংঘর্ষ-গুলি, নিহত ৫
কক্সবাজারের চকরিয়ায় দুজন, চাঁদপুরে দুজন ও নীলফামারীতে একজন নিহত
সাতক্ষীরায় মিছিলে হূদেরাগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে পাঁচজন নিহত ও পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে বিজিবি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে কক্সবাজারের চকরিয়ায় দুজন, চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে দুজন এবং নীলফামারীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া সাতক্ষীরায় মিছিল চলাকালে হূদেরাগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল বেলা তিনটায় কক্সবাজারের চকরিয়া পৌর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে বিজিবি ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় মিছিল থেকে পাল্টা গুলি ছুড়লে বিএনপির নেতা-কর্মীদের ওপর ১০-১২টি গুলি চালায় বিজিবি। এতে সাইফুল ইসলাম বাদশাহ (২৮) নামের একজন নিহত হন। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও হালকাকারা এলাকার সওদাগরপাড়া গ্রামের মোকতার আহমদের ছেলে। বেলা আড়াইটায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলের ছড়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির গোলাগুলিতে মো. মিজানুর রহমান (২২) নামের ছাত্রদলের এক কর্মী নিহত হন। তিনি ওই ইউনিয়নের মাইজপাড়ার শাহ আলমের ছেলে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের গুলিতে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও আরিফ হোসেন (২৫) নামের যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন। জাহাঙ্গীরের বাড়ি ফরিদগঞ্জের গাজীপুর গ্রামে। ঢাকায় নেওয়ার পথে গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে আরিফ হোসেন (২৫) নামের যুবদলের এক কর্মী ফরিদগঞ্জ হাসপাতালে মারা যান। নিহত আরিফ ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা এলাকার মো. আবদুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে ১৮-দলীয় জোটের অন্তত ৩০ নেতা-কর্মী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ও ঢাকা মেডিকেলে চারজনকে ভর্তি করা হয়েছে।
চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

নীলফামারীর জলঢাকা শহরে র্যাব ও পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে মোসলেম উদ্দিন (২৮) নামের শিবিরের এক কর্মী নিহত এবং পাঁচ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরায় ১৮ দলের মিছিল চলাকালে হূদেরাগে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম (৩৬) নামের জামায়াতের এক কর্মীর মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলার রায়টা বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কুপিয়ে আওয়ামী লীগের নয়জন কর্মী ও সমর্থককে আহত করেছেন।
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে পুলিশ, পথচারীসহ উভয় সংগঠনের অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাক, কালিশুরি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রব ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওমর ফারুককে পুলিশ গ্রেপ্তার করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা লগি-বইঠা ও রামদা নিয়ে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন। এসব মিছিল থেকে গুলি চালালে পাল্টা গুলির হুমকির স্লোগান দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের টি এ রোডে পাল্টা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
বাগেরহাটের কচুয়ায় যুবলীগের হামলায় যুবদল, মৎস্যজীবী দল ও ছাত্রশিবিরের চার নেতা-কর্মী আহত হন। শুক্রবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
ফরিদপুরের বোয়ালমারীর নবনির্মিত রেলস্টেশন ভবনে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেছে জামায়াত-সমর্থকেরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
বরিশালে পুলিশি নিরাপত্তায় দুই পক্ষই মিছিল-সমাবেশ করেছে। জেলার আগৈলঝাড়া উপজেলা সদরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলে পুলিশ লাঠিপেটা করলে কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ২০ জন আহত হন। পটুয়াখালীর শিয়ালী স্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে জেলা কৃষক দলের সভাপতি এস এম আবদুর রবসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পাবনায় ১৮-দলীয় জোট ও ১৪-দলীয় জোটের নেতা-কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল করেন। ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে বোমাবাজি, গোলাগুলি ও সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান (৪৫)সহ ২০ জন আহত হন। চারটি দোকান ভাঙচুর ও বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় জামায়াত-বিএনপির কর্মীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের দুই সদস্য আহত হন।

পিরোজপুরের মঠবাড়িয়ায় উভয় দল শান্তিপূর্ণ সমাবেশ করেছে। পিরোজপুরে একটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিকে কুপিয়েছেন বিএনপি ও জামায়াতের কর্মীরা। তাঁর ওপর হামলার সময় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আ. বারেক ও ৪ নম্বর চর বলেশ্বর ওয়ার্ডের সভাপতি শাহ আলম আহত হন। ভোলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পঞ্চগড়ের আটোয়ারীতে বিকেলে পুলিশ ও বিএনপি-জামায়াত সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ সাতজনকে আটক করেছে।
রাঙামাটিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ছয় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বিএনপির একটি মিছিল থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ১৫-১৬টি পটকার বিস্ফোরণ ঘটিয়েছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের চার কর্মী ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় সকালে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষে কয়েকটি ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হন। পুলিশ বিএনপি-জামায়াতের ১৫ জনকে আটক করে। বগুড়ায় সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীরা সদর থানায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
ময়মনসিংহ শহর ও বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৩০ নেতা-কর্মী আহত হন। জেলার গফরগাঁওয়ে বিএনপির সমাবেশ শেষে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয় দলের অন্তত ৪০ নেতা-কর্মী আহত হন। নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের দুই সমর্থককে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
মানিকগঞ্জে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পরে পুলিশি প্রহরায় দলীয় কার্যালয়ে সমাবেশ করেন নেতা-কর্মীরা। নেত্রকোনায় ১৪৪ ধারা ভঙ্গ করে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল ও যানবাহন ভাঙচুর করেন। মিছিল থেকে ছোড়া ঢিলে পুলিশের পরিদর্শক (তদন্ত) আমির হোসেন আহত হন।
সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনায় মিছিলসহ ১৮ দলের সমাবেশস্থলে গিয়ে ছাত্রশিবির সামনের স্থান দখল করে বসে পড়ে। এ সময় দেলাওয়ার হোসাইন সাঈদী, গোলাম পরোয়ার, শিবিরের কেন্দ্রীয় সভাপতি দোলোয়ার হোসেনসহ আটক শীর্ষ নেতাদের প্ল্যাকার্ড ছিল তাঁদের হাতে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কমপক্ষে ৮০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী ও স্থানীয় লোকজন আহত হন। বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নিজ বাড়ি থেকে নাসির ভূঁইয়া (৪৫) নামের জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
নোয়াখালী জেলা শহরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষে ২০ পুলিশসহ ৭০ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশ সুপার আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা রয়েছেন। সংঘর্ষের ফলে উভয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পণ্ড হয়ে যায়। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক শ গুলি ছোড়ে। এ সময় বিএনপি-জামায়াতের কর্মীরা শহরের প্রধান সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও সামনে রাখা সাতটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে আওয়ামী লীগ, পুলিশ ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ এবং আট পুলিশসহ বিএনপির ৫০ জন আহত হন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে অন্তত সাতজন পুলিশসহ ৬০ জন আহত হন।
এদিকে, বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ ডাকায় গতকাল সাতক্ষীরা, খুলনার পাইকগাছা, যশোরের কেশবপুর, বরিশালের গৌরনদী, পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনার সুজানগর, বরগুনার পাথরঘাটা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ও মির্জাপুর বাজার এবং জামালপুরের সরিষাবাড়ীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় মেহেরপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার ও বগুড়ার দুপচাঁচিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা লাঠি মিছিল করেন।