সংঘর্ষ থামাতে ২০টি ফাঁকা গুলি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ২০টি ফাঁকা গুলি ছুড়েছে। গতকাল শনিবার সকাল পৌনে নয়টার দিকে কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চিথোলিয়া গ্রামের ছামেদ আলীর সঙ্গে একই গ্রামের এখলাছ মিয়ার জমি, কেন্দুয়া-চিরাং সড়কের চিথোলিয়া মোড় এলাকায় রাস্তার পাশে একটি কালভার্ট ও গ্রামের বাজারের একটি দোকানঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছমেদ আলী তাঁর পক্ষে থাকা আবু তাহের ও তাঁদের লোকজন নিয়ে সম্প্রতি কালভার্টটির এক পাশ বন্ধ করে দেন। এতে কালভার্টের অপর পাশে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। এ নিয়ে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের সামনে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিষয় ও একটি কালভার্টের বাঁধকে কেন্দ্র করে ছমেদ আলী ও এখলাছ মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর জন্য মুখোমুখি অবস্থান নেন। পুলিশ ২০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ কারণে কোনো সংঘর্ষ ও কেউ হতাহত হননি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য চিরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।