সংঘর্ষ, দেড় শতাধিক কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও আশুলিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা এবং গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবারও মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেন। আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) অর্ধশত আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে দ্য রোজ ড্রেসেজ নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবি জানান। কর্তৃপক্ষ কোনো আশ্বাস দেয়নি। নয়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের উভয় পাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছোড়েন। এই প্রেক্ষাপটে পর্যায়ক্রমে ওই এলাকার শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। এরপর শত শত শ্রমিক আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে যায়।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে সাভার-আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল, হাবিলদার শহীদুল ইসলাম, চার কনস্টেবলসহ অর্ধশত আহত হন। একই দাবিতে আশুলিয়ার পুকুরপাড় এলাকার রেডিয়েন্স, অনিমা, সাউদার্ন, টেক্সটাউন, এএম জিনস, অ্যাকটিভ, রাতুলসহ গৌরীপুর এলাকার নেসারাল সোয়েটারের শ্রমিকেরা সকালে কর্মস্থলে যান। পরে আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় অন্তত অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করা হয়। সাভারের উলাইল এলাকার আনলিমা ও এইচআর নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে একই দাবিতে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ কারখানা দুটি ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাসায় চলে যান। শ্রমিক অসন্তোষ সম্পর্কে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সভাপতি বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, পোশাকমালিকেরা মজুরি বোর্ড প্রস্তাবিত বেতনকাঠামো প্রত্যাখ্যান করায় শ্রমিকেরা অনিশ্চয়তায় ভুগছেন। তাই বিক্ষোভ করছেন।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, শ্রমিকেরা কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন। তাঁদের সঙ্গে গতকালও পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজিবি মোতায়েন করা হয়।

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি কারখানা ভাঙচুর করেন। পরে ফতুল্লা শিল্পাঞ্চলের সাতটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা লিবার্টির শ্রমিকেরা কারখানার ভেতর মিছিল করেন। পরে তাঁরা রাস্তায় নেমে আসেন। এ সময় পাশের পলমল, মাইক্রোফাইবার, মেট্রো, আশা, ও মিশওয়্যার পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে আনতে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। পরে সড়কে বিক্ষোভ মিছিল করে বাড়ি চলে যান।

গতকাল সকালে গাজীপুরে অ্যাপেক্স হোল্ডিংস নামের একটি পোশাক কারখানায় বিক্ষোভ হয়। পরে মালিকপক্ষের সঙ্গে সমঝোতা হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানাটি গতকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিককে পুলিশ রোববার রাতে আটক করেছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ও ন্যূনতম আট হাজার টাকা বেতনের দাবিতে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ওই কারখানার শ্রমিকেরা সকাল থেকেই কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে মূল ফটক বন্ধ করে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শ্রমিক আটকের খবরটি ছিল ভিত্তিহীন। বেলা দুইটার দিকে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে বৈঠকে সমঝোতা হয়।