সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া
অবরোধের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার ও বুড়িরবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গত বুধবার দিবাগত রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। দিনাজপুরে ছাত্রলীগ-পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ওসংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক,আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় প্রতিনিধির পাঠানো খবর:
লালমনিরহাট: পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সকাল ১০টার দিকে মহেন্দ্রনগর বাজার ও বুড়িরবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধকারীরা চারদিক থেকে ঢিল ছুড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব-পুলিশের সদস্যরা ৯০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের আটটি শেল নিক্ষেপ করেন। এ সময় লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম, পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে ১৬ জন আহত হন। ঘটনাস্থল থেকে র্যাবের সদস্যরা সদর উপজেলার হারাটি ইউনিয়নের আবদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ ব্যাপারে লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, মহেন্দ্রনগর বাজার এলাকায় লালমনিরহাট-রংপুর-ঢাকা মহাসড়ক এবং মহেন্দ্রনগর বুড়িরবাজার এলাকায় লালমনিরহাট-রংপুর-ঢাকা রেল সড়কে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গালিগালাজ করতে থাকেন।পরে তাঁরা বিনা উসকানিতে ঢিল ছুড়ে ধাওয়া দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন।
দিনাজপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের সুইহারী এলাকায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এসে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করেন। এর কিছুক্ষণ পর পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিতে দেখা যায়। ছবি তুলতে গেলে অবরোধকারীরা একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান নবিউল ইসলামকে মারধর করেন। এ সময় তাঁর হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেন তাঁরা।
পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় অবরোধকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের কমপক্ষে ৫০টি শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। অবরোধকারীরা একপর্যায়ে উপজেলা পরিষদের দিকে সরে গেলে ছাত্রলীগের কর্মীরা অবরোধকারীদের ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরী দাবি করেন, পুলিশের গুলি ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে ২২ জন নেতা-কর্মীকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের সহায়তায় ছাত্রলীগের কর্মীরা অবরোধকারীদের ওপর হামলা করে পাঁচটি মোটরসাইকেল ও এলাকায় বিএনপির কর্মীদের ১০টি দোকান ভাঙচুর করেছেন।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের অর্ধশতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
রংপুর: শহরে অবরোধের তৃতীয় দিনেও জীবনযাত্রা ছিল স্বাভাবিক। ব্যাংক-বিমা প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলেছে। এদিকে পীরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউএনও ভবনের সামনের মাঠে একটি ককটেল বিস্ফোরিত হলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য মেরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হান্নান ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী,ছাত্রদলের নেতা আবদুল হামিদ, হুজুর আলী ও মো. পলাশ।