সংঘর্ষ, নয় কেন্দ্রে ভোট স্থগিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর ও কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব স্থানে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সৈয়দপুর ও উলিপুরে ছয়টি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের প্রধান ফটকের সামনে তিন কাউন্সিলর প্রার্থী আরিফুল হক, জাকারিয়া ইসলাম ও শাহীন আকন্দের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে শটগানের ছয়টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এঁরা হলেন পৌরসভার গোবিন্দপুর এলাকার আবদুর রাজ্জাক (৪০) ও লুৎফর রহমান (৩৫)। তাঁদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতর কোনো ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে।
এদিকে বেলা পৌনে একটার দিকে গোবিন্দগঞ্জ শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজ কেন্দ্র দখল নিয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদ রানা ও শহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশ, বিজিবি ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে পৌরসভার বর্ধনকুটি এলাকার বিপুল মিয়া (২৬), রনি মিয়া (২৭), বিপ্লব হোসেন (৩০) ও পারভেজ মিয়াকে (২৫) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পারভেজের অবস্থা আশঙ্কাজনক। আহত অপর দুজনের নাম জানা যায়নি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে এ পৌরসভায় ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ফারুক আহম্মেদ। তিনি মুঠোফোনে অভিযোগ করেন, ‘সকাল থেকেই আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আতাউর রহমানের সমর্থক ও কর্মীরা অধিকাংশ ভোটকেন্দ্রে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়ে নৌকায় সিল মেরে নেন। তাঁরা সাধারণ ও নারী কাউন্সিলরের দুটি ব্যালট ভোটারদের হাতে দিয়ে মেয়রের ব্যালটে নিজেরাই সিল মেরে নেন।’ তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী মঞ্জুরী মোর্শেদা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে এ ঘটনা জানিয়েছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
অভিযোগ অস্বীকার মেয়র প্রার্থী আতাউর রহমান বলেন, ‘নৌকার বিজয়ের সম্ভাবনা দেখে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে।’
সৈয়দপুর: এ পৌরসভায় চারটি ভোটকেন্দ্রে দুপুরে মেয়র পদপ্রার্থীর ধানের শীষ ও নৌকা মার্কার সমর্থকের মধ্যে গোলযোগ ও সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন। পুলিশের গুলিতে আহত হন আওয়ামী লীগের পৌর কমিটির সদস্য হিটলার চৌধুরী ভলু। তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১টি ফাঁকা গুলি বর্ষণ করেছে। এসব সংঘর্ষ ঘটে সৈয়দপুর মুসলিম উচ্চবিদ্যালয়, আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ধানের শীষ মার্কার সমর্থকেরা সৈয়দপুর মুসলিম উচ্চবিদ্যালয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। এ সময় নৌকা মার্কার সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরপরই আশপাশের অপর তিনটি কেন্দ্রেও সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩১টি ফাঁকা গুলি বর্ষণ করে। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন আহত হন।
সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহিম বলেন, হিটলার চৌধুরীর অবস্থা ভালো না। তাঁর ডান ঊরুতে গুলি লেগেছে। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আসমাউল হক গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন মুঠোফোনে চার ভোটকেন্দ্রে ভোট স্থগিতের সত্যতা নিশ্চিত করেন।
উলিপুর: এখানে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো নারকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা।
প্রিসাইডিং কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বেলা ১টা ১০ মিনিটে নারকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম ও হায়দার আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন মাইদুল ইসলাম (২৯), সবুজ মিয়া (৩৪), রাশেদুল ইসলাম (৩৬), আবদুর রফিক (৪৩) ও এনামুল হক (২৯)। তাঁদের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।