সংঘর্ষ, বিস্ফোরণে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে গতকাল সোমবার কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশির ভাগ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।
এদিকে শাহজাদপুর উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেনের কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত এজেন্টদের মারধর করে বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মেরেছেন বলে অভিযোগ এনে উপজেলায় আজ মঙ্গলবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলন করে বিএনপির স্থানীয় নেতারা এ কর্মসূচির ডাক দেন।
বিকেলে বেলকুচির খামার উল্লাপাড়া জিএসকেএল উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি রাবার বুলেট, পাঁচটি গুলি এবং চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ কনস্টেবল বেলাল হোসেন, জামায়াতের কর্মী মাওলানা ইয়াকুব আলী, আওয়ামী লীগের কর্মী চান আলী মেম্বার, শাহ আলম, জাহাঙ্গীরসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ জাহাঙ্গীরসহ ১০ জনকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে একই উপজেলার আজুগড়া ও দৌলতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া গোপালপুরে জামায়াত ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী রিটার্নিং ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, কয়েকটি কেন্দ্রের সামনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সার্বিকভাবে নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ হাসিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বিধায় বিএনপি স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছে। ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হয়নি। ভোট সুষ্ঠু না হলে অন্যান্য উপজেলার মতো বিএনপি এখানে ভোট বর্জন করত।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শাহজাদপুরের ইউএনও রাসেল সাবরিন দাবি করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।