সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ
১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা গতকাল বুধবার ঢাকার চারপাশের মহাসড়কগুলোতে কমপক্ষে ৩৩টি যানবাহন ভাঙচুর ও পাঁচটিতে অগ্নিসংযোগ করে অবরোধ করেন। পুলিশ বাধা দিতে গেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ, ঢাকার সাভার ও নবাবগঞ্জ, মানিকগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৩৫ নেতা-কর্মী আহত হন। পুলিশ ১৫ জনকে আটক ও ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা-চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাওয়া, আরিচা ও সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলেনি। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, রিকশা চললেও সংখ্যা ছিল খুব কম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে অবরোধের খবর জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:
নারায়ণগঞ্জ: রূপগঞ্জের যাত্রামুড়া, ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, গোলাকান্দাইল, মৈকুলী ও বিশ্বরোড এলাকাসহ নয়টি স্থানে গতকাল পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ভাঙচুর ও অগ্নি-সংযোগ করা হয়েছে বেশ কয়েকটি যানবাহনে। বিএনপির নেতা-কর্মীরা গোলাকান্দাইল আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। আওয়ামী লীগের কর্মীরা ভাঙেন বিএনপির এক কর্মীর দোকান।
যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তাঁদের পাঁচ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট ও মোগড়াপাড়া চৌরাস্তায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে উভয় পক্ষের ৬০ জন আহত হন। মেঘনাঘাটে নেতা-কর্মীরা কমপক্ষে ২৫টি যানবাহন ভাঙচুর করেন। মোগড়াপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেন।
সাভার: সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির নেতা-কর্মীদের সাভার পৌর বাজারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের সময় ইটপাটকেল ছুড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। নয়টার দিকে মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় অবরোধে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল পৌনে ১০টার দিকে তাঁরা সাভার থানা বাসস্ট্যান্ডে দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করেন।
মানিকগঞ্জ: বেলা ১১টার দিকে শহরের শহীদ সরণি সড়কে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। নেতা-কর্মীরা ওয়ারলেছ গেট এলাকায় গিয়ে চার-পাঁচটি দোকানপাট ও একটি প্রাইভেট কার ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আবার পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের দুই সদস্যসহ ২৫ জন নেতা-কর্মী আহত হন। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
নবাবগঞ্জ (ঢাকা): বান্দুরা, কলাকোপা, শোল্লা, কৈলাইল, আগলা এলাকার বিভিন্ন সড়কে গতকাল সকাল থেকে অবরোধ করার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়াহয়।
মুন্সিগঞ্জ: সকালে লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তাসংলগ্ন কুমারভোগ ইউনিয়ন ও উত্তর কাজীর পাগলা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গাজীপুর: বিএনপির নেতা-কর্মীরা কাপাসিয়া উপজেলার সূর্য্য নারায়ণপুর ও রাজাবাড়ী বাজারে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশায় আগুন দেন এবং দুটি লেগুনা ও তিনটি পিকআপ ভাঙচুর করেন। টোক বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
টঙ্গী (গাজীপুর): সকাল ১০টায় টঙ্গীর চেরাগআলী এলাকায় জামায়াতে ইসলামী ও শিবিরের নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। নেতা-কর্মীরা কয়েকটি চলন্ত যানবাহনের কাচ ভাঙচুর করেন। বেলা আড়াইটায় হোসেন মার্কেট এলাকায় কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়।