সংঘর্ষ ভাঙচুর আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে গতকাল রাজধানীর নিউমার্কেট এলাকার দৃশ্য ষ প্রথম আলো
হরতালে গতকাল রাজধানীর নিউমার্কেট এলাকার দৃশ্য ষ প্রথম আলো

জামায়াতে ইসলামীর ডাকে গতকাল বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো রাজধানীতে হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। রাস্তায় হরতালের সমর্থনে তৎপরতা একেবারেই ছিল না। সারা দেশেরও চিত্র ছিল প্রায় একই রকম। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মধ্যেই সীমাবদ্ধ ছিল হরতাল-সমর্থকদের তৎপরতা।গতকাল রাজধানীতে তুলনামূলক কমসংখ্যক গাড়ি বের হলেও জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। এদিকে রথযাত্রা উপলক্ষে হরতাল দুই ঘণ্টা কমিয়ে বিকেল চারটা পর্যন্ত পালনের ঘোষণা দেয় জামায়াত। তবে তার আগে দুপুর থেকেই রাজধানীতে হরতালের কোনো আবহ ছিল না।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার বিরোধিতা করে গতকাল টানা চতুর্থ দিনের মতো সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামায়াতে ইসলামী। গতকাল সকাল পৌনে নয়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এরপর যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করে এতে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। স্থানীয় লোকজন আগুন নেভায়। এ ছাড়া শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।গতকাল সকাল থেকেই অফিসগামীদের যাতায়াত ছিল স্বাভাবিক। ট্রাফিক-ব্যবস্থার শিথিলতার কারণেবিভিন্ন মোড়ে যানজট গিট্টু পাকিয়ে যায়। সকাল থেকে বড় সড়কগুলোতে রিকশা চললেও দুপুরের পর থেকে পুলিশ রিকশা চলাচলে বাধা দেয়। দুপুরের মধ্যেই রাজধানীর বেশির ভাগ বিপণিবিতান ও দোকানপাট খুলে যায়। তবে সেগুলোতে ক্রেতা ছিল কম। দোকানের মালিকেরা আশা করছেন, বৃহস্পতিবার রাত থেকেই ক্রেতাসমাগম হবে।লঞ্চ ও রেল চলাচল স্বাভাবিক থাকলেও দুপুর পর্যন্ত ঢাকার মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকার ভেতরে বাসগুলো চলেছে স্বাভাবিকভাবেই। এদিকে প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হরতাল-সমর্থকদের বরাত দিয়ে ঢাকার বাইরে থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: সদর উপজেলার আমদই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম আলী (৩৮) গতকাল সকালে ব্যক্তিগত কাজে হাঁটুভাঙ্গা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। তিনি জয়পুরহাট-চানপাড়া রাস্তার ভূতগাড়ী মোড়ে পৌঁছালে শিবিরের কর্মীরা এর গতি রোধ করেন। পরে মোটরসাইকেলটি ভাঙচুর করে তাঁকে বেধড়ক লাঠিপেটা করা হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় সকালে হরতাল-সমর্থকেরা সড়ক অবরোধ করে ২০টি ককটেল ফাটান। শহরের অদূরে বাঁকাল এলাকায়ও ১৫-২০টি ককটেল ফাটানো হয়। কলারোয়া উপজেলার হেলাতলা ও গোপীনাথপুর এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ ও পিকেটিং করার সময় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে সকালে পিকেটিং করছিলেন হরতাল-সমর্থকেরা। এ সময় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৪০) সেখান থেকে যাওয়ার সময় জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

রাজশাহী: নগরের খড়খড়ি বাইপাস এলাকায় সকালে চারটি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালান শিবিরের কর্মীরা। ট্রাকগুলো আনারস, আম, চিপস নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে নগরের পঞ্চবটী এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিবিরের চার কর্মীকে আটক করা হয়েছে।

রংপুর: নগরের মডার্ন মোড় এলাকায় দুপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন হরতাল-সমর্থকেরা। এ সময় ঘটনাস্থল থেকে রংপুর শিবিরের সেক্রেটারি নায়েবুজ্জামানসহ চারজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সিলেট: মহানগরের বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে শিবিরের ২৪ কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কোথাও সহিংস ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম: নগরের পলোগ্রাউন্ড, বাকলিয়া, কাজীর দেউড়ি ও প্রবর্তক মোড় এলাকায় শিবিরের চোরাগোপ্তা হামলা ও ককটেল ফাটানো ছাড়া আর কোথাও তেমন হাঙ্গামার খবর পাওয়া যায়নি। দুপুরের পর থেকে রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করে। সীতাকুণ্ডের টোব্যাকো গেট, মাদামবিবির হাট ও কুমিরা এলাকায় গাড়ি এলোপাতাড়ি রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পিকেটাররা। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি।

নোয়াখালী: সেনবাগের আকবর আলী খান কারিগরি কলেজের জামায়াত-সমর্থক শিক্ষক মহিউদ্দিনকে সকালে লাঞ্ছিত করেন সরকারদলীয় লোকজন। পরে জামায়াত-শিবিরের কর্মীরা স্থানীয় গাজীরহাট বাজারে মিছিল বের করেন এবং কয়েকটি দোকান ও ডুমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগও মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলি বাজারে গতকাল সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এদিকে তিন দিন ধরে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জ সদর ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলামসহ এক হাজার ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ: ফতুল্লার কাশিপুরে সকালে একটি সিমেন্ট কারখানার কাভার্ড ভ্যানে আগুন দেন হরতাল-সমর্থকেরা। ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন। রূপগঞ্জের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

টঙ্গী (গাজীপুর): টঙ্গীতে গতকাল ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। আগের রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ ও র‌্যাব।