সংঘর্ষ ভাঙচুর আগুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ ও জামায়াতের ডাকা হরতাল চলাকালে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের অলংকার ও কর্নেলহাটে বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নগরের বাকলিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন শিবিরের কর্মীরা। চট্টগ্রামের সাতকানিয়ায় ১১টি গাড়ি ভাঙচুর ও পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম নগর: গতকাল ভোর থেকে পুলিশ অলংকার ও কর্নেলহাটের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের ধাওয়া করে। এতে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। জবাবে ১৮-দলীয় জোটের কর্মীরা মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অলিগলিতে ঢুকে যায়। পুলিশ সেখানে গিয়েও হামলাকারীদের ধাওয়া করে। সংঘর্ষের সময় কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ হন।
নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ আকবর প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
গতকালের সংঘর্ষের পর পুলিশ উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমির আরিফ উল্লাহ, যুবদলের কর্মী আলাউদ্দিন, ছাত্রদলের কর্মী মেজবাউদ্দিন, শিবিরের কর্মী মোহাম্মদ জাবেদ এবং ছাত্রদলের গুলিবিদ্ধ আরও তিন কর্মী টিপু, মোহাম্মদ আলী ও আনছারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আরেকজনের পরিচয় জানা যায়নি।
নগর পুলিশের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘আমাদের দিকে পিকেটাররা প্রথমে ঢিল ছোড়ে। এরপর আমরা অভিযান শুরু করি। এতে আমরা কয়েক জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।’
গতকাল সকালে নগরের বাকলিয়া থানার তুলাতুলী ও মিয়াখান নগর এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। বাধা দিলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন শিবিরের কর্মীরা। এতে বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ময়নাল হোসেন আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
এ ছাড়া নগরের হালিশহরের ওয়াপদা গেট এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির। এ সময় পুলিশ ধাওয়া করে পেট্রলবোমাসহ শিবিরের তিনজন কর্মীকে আটক করে।
গতকাল দুপুরে নগরের তিনপুল এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
গতকাল নগর বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান যাননি।
নোয়াখালী: গতকাল ভোরে পিকেটাররা নোয়াখালীর সেনবাগের ছমির মুন্সীর হাট এলাকায় গাছ কেটে ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ করে। এ ছাড়া কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবরোধ ও হরতালের পক্ষে মিছিল চলাকালে সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ ধাওয়া করে দিদার হোসেন নামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে।
সেনবাগে পিকেটাররা থানার মোড়ে টায়ার জ্বালিয়ে এবং সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এর আগে রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গতকাল দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। রোববার রাত ১১টার পর থেকে গতকাল ভোররাত পর্যন্ত পুলিশি পাহারায় প্রচুর ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করেছে। গতকাল সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরচালিত রিকশা চলেছে অন্য দিনের তুলনায় বেশি চলেছে।
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে বেলা দুইটার দিকে ছলিমপুর শিবিরের সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে শিবিরের কর্মীরা উপজেলার জলিল গেট এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি বানুরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে তাঁরা বানুরবাজার এলাকায় বিদ্যুতের পরিত্যক্ত খুঁটি দিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ অবরোধ তুলে নেয়।
রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া (চট্টগ্রাম): গতকাল সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, কেরানীহাট-বান্দরবান সড়ক ও সাতকানিয়া-বাঁশখালী সড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশের বড়-বড় গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদীঘি এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা একটি পিকআপভ্যানে অগ্নিসংযোগ করে। এ ছাড়া বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করে।
মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল করিম বলেন, উপজেলা ছাত্রশিবির গতকাল বিকেলে উপজেলার মিঠাছড়া বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে। ওই মিছিলে ছাত্রলীগের কর্মীরা মিছিলে হামলা চালায়। তারা শিবিরের কর্মী জাহেদ ও মেজবাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ দিদার বলেন, মিঠাছড়া বাজারে শিবির মিছিল বের করলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টেকনাফ (কক্সবাজার): টেকনাফে গতকাল বিকেলে যুবলীগ-বিএনপির সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ বলেন, অবরোধের সমর্থনে মিছিল শেষে পথসভা করার সময় যুবলীগ লাঠিমিছিল নিয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পৌর যুবলীগের আহ্বায়ক মঞ্জুরুল করিম বলেন, ‘আমাদের মিছিল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাঁচ-ছয়জন কর্মী আহত হন।’