সংঘর্ষে আহত অর্ধশতাধিক
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পীরপুর গ্রামের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এর মধ্যে ১২ থেকে ১৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে পীরপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর এলাহী এবং সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি মো. ফাইজুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে মঞ্জুর এলাহীর এক সমর্থকের ধানের চারা নষ্ট করার অভিযোগে গতকাল সকালে তাঁর কয়েকজন সমর্থক ফাইজুর রহমানের বাড়ি ও সমর্থকদের ওপর হামলা চালান। এতে ফাইজুর রহমানের প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হন বলে সাবেক এ চেয়ারম্যান অভিযোগ করেন। আহতদের মধ্যে মেন্তাজ, হেলেনা ও মাসুম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মো. ফাইজুর রহমান অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনের পর থেকে মনজুর এলাহীর লোকজন তাঁর সমর্থকদের ওপর এ পর্যন্ত সাতবার হামলা চালিয়েছে। এ বিষয়ে মঞ্জুর এলাহীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ধরেননি।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।