সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের চাউটুরি বিলের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২৫)। তিনি ইউনিয়নের দড়িবিন্নি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সংঘর্ষে গত শনিবারই আনছু মিয়া (৩৫) ও লিটন মিয়া (৪০) নামের আরও দুই ব্যক্তি নিহত হন। হতাহতের ঘটনায় এক পক্ষ প্রতিপক্ষের ৮৮ জনকে আসামি করে মামলা করেছে।
পুলিশ জানায়, সংঘর্ষে নিহত লিটন মিয়ার স্ত্রী বাদী হয়ে গত সোমবার রাতে মদন থানায় মামলা করেন। এতে প্রতিপক্ষের ফজলু খাঁকে প্রধান আসামি করে ৮৮ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও প্রায় অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, সংঘর্ষে আহত সোহেল কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান। সংঘর্ষের ঘটনায় এর আগেই মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।