সংঘর্ষে আহত একজনের মৃত্যু, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরটিয়া পুরাগুদি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হারুন মীর (৭২) নামের একজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এই ঘটনার জের ধরে আজ রোববার সকালে হারুন মীরের সমর্থকেরা প্রতিপক্ষের ১৫টি বাড়িতে ভাঙচুর করে। 

এদিকে হারুন মীরের পরিবার অভিযোগ তুলেছে, চিকিৎসকের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে।
হারুন মীর পুরাগুদি গ্রামের মৃত সৈয়দ আলী মীরের ছেলে। আজ সকালে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২৫ মার্চ সকালে ওই গ্রামে আফছার মীরের সমর্থকদের সঙ্গে হারুন মীরের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হারুন মীর ও তার তিন ছেলে হাবিব মীর (৪৫), রফিক মীর (৩৫) এবং রাজীব মীরসহ (৩২) অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হারুন মীর মারা যায়। হারুন মীরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তাঁর সমর্থকেরা আফছার মীরের সমর্থকদের ১৫টি বসতঘরে ভাঙচুর করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, হারুন মীর মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন আফছার মীরের সমর্থকদের বাড়িতে হামলা করে। সালথা থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
হারুন মীরের ভাগনে মিলন বলেন, গুরুতর আহত হারুন মীর এবং তার তিন ছেলেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকেই প্রতিপক্ষের লোকজনের চাপে হাসপাতাল থেকে কয়েকবার তাঁদের ভর্তি বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। সর্বশেষ গতকাল ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক দিপংকর কুমার হারুন মীরের ভর্তি বাতিল করে দিলে তাঁকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দিবাগত রাত দুইটায় তাঁর মৃত্যু হয়।

এ প্রসঙ্গে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক দিপংকর কুমার প্রথম আলোকে বলেন, হারুন মীর ডান হাতের দুই আঙুলের আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আঘাত সামন্য ছিল। তাই একদিন পরেই তাঁর ভর্তি বাতিল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রোগীর লোকজনদের আবেদনের প্রেক্ষিতে তাঁকে আরও ৭ দিন হাসপাতালে রাখা হয়। শনিবার তিনি চলে যাওয়ার সময় সুস্থই ছিলেন। হারুন মীরের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, হারুন মীর বৃদ্ধ ছিলেন। অন্য কোনো জটিলতায় তাঁর মৃত্যু হতে পারে।