সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাইসুল ইসলাম (২২) গতকাল মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সূত্র জানায়, রাইসুল লতিফ ছাত্রাবাসে থাকতেন। তিনি শেখ রাসেল পরিষদ পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের পলিটেকনিক শাখার সভাপতি জাকির হোসেনের পক্ষের কর্মী ছিলেন।ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, ১৪ সেপ্টেম্বর পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের পক্ষের এক কর্মী ডাইনিং থেকে কক্ষে খাবার নিতে যান। কক্ষে খাবার নেওয়া নিষিদ্ধ হওয়ায় জাকির হোসেনের পক্ষের কর্মীরা এতে বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে ওই কর্মীর বাগিবতণ্ডা হয়। ডাইনিংয়ে খেতে থাকা রাইসুলও বাগিবতণ্ডায় যোগ দেন।ছাত্ররা জানান, এরই জের ধরে কিছুক্ষণ পর ছাত্রাবাসের ব্লকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, মারামারি ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে রাকিবুলসহ তাঁর কর্মীরা রাইসুলকে ধরে ছাত্রাবাসের একটি কক্ষে নিয়ে যান। সেখানে আধা ঘণ্টা ধরে রড, চাপাতি ও লাঠি দিয়ে তাঁকে বেদম প্রহার করা হয়। একপর্যায়ে কক্ষ থেকে ছুড়ে তাঁকে বাইরে নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে গত রোববার তাঁকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল তিনি মারা যান। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহেন্দ্র কুমার সিকদার বলেন, সংঘর্ষের পরের দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বলেন, এ ঘটনায় নিহতের বাবা মোসলেহ উদ্দিন থানায় একটি হত্যা মামলা করেছেন। হামলাকারীরা এখনো ছাত্রাবাসে আছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হামলাকারীদের অবস্থান সম্পর্কে পুলিশ অবহিত নয়।