সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু গ্রেপ্তার ৪
রাজশাহীর বাগমারায় খেতের ফসল নষ্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর নাম দুলাল হোসেন (২৫)। এ ঘটনায় প্রতিপক্ষের চারজনকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাইপাড়া গ্রামের আবদুল লতিফ (৫০), মকবুল হোসেন (৪৫), ইসমাইল হোসেন (৪৩) ও আলতাফ হোসেন (৩৫)। গত মঙ্গলবার খেতের ফসল নষ্ট করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাইপাড়া গ্রামের আবদুল লতিফের ভুট্টাখেতের ভেতর দিয়ে একই গ্রামের ইয়াছিন আলীর লোকজন আলু বহন করছিলেন। এতে ভুট্টাখেতের ক্ষতি হয়। লতিফ এর প্রতিবাদ করলে তাঁর সঙ্গে প্রতিপক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াছিন আলীর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। লতিফের লোকজনও পাল্টাহামলা করলে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের মধ্যে মঙ্গলবার বিকেলে থেমে থেমে সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে দুলাল হোসেনের মৃত্যু হয়। তিনি ইয়াছিন আলীর পক্ষের লোক ও সাইপাড়া গ্রামের বাসিন্দা।