নির্বাচনের সময় ও ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আটক হয়েছে অন্তত ১০ জন।ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গতকাল সন্ধ্যায় ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর মিছিলে পরাজিত প্রার্থীর লোকজন হামলা করে। পরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুকুল খাঁর বাড়িতেও হামলা করা হয়। একই ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের অনেক বাড়িতে লুটপাটের খবর পাওয়া গেছে।রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামে বসু মার্কেটের অন্তত ২০টি দোকান ও গ্রামের ৩০টি ঘরে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিশু ও নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই বাড়ি ও দোকানগুলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের। ওই ইউনিয়নে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন এই হামলা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোবরা ইউনিয়নেও একাধিক বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন হামলা করেছে।এর আগে গতকাল পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। কেন্দ্রের দুটি নারী বুথের একটিতে ভোটারের সংখ্যা বেশি থাকায় এবং অপর বুথে কোনো ভোটার না থাকায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওই বুথে ভোটার পাঠাতে বলেন। এতে প্রার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। এ ছাড়া চন্দ্রদীঘলিয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খালিয়া ইউনাইটেড একাডেমী কেন্দ্রে এক যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং যাচ্ছে। সব জায়গার খবর নির্দিষ্ট করে বলতে পারব না।’শেরপুর: সকাল আটটা থেকে জেলার নকলা উপজেলার নয় ইউনিয়নের ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু দুপুর আড়াইটার দিকে নকলা সদর ইউনিয়নের ছত্রকোনা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে সাতজন আহত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠির আঘাতে আরও সাতজন আহত হয়। অপরদিকে বিকেল চারটার দিকে চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এক সদস্য প্রার্থীর সমর্থকদের মারপিটে মামুন (৩৫) নামের একজন আহত হন। টালকি ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে এক ভুয়া আনসার কর্মকর্তাকে আটক করা হয়েছে।ফেনী: জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী ইউনিয়নের নিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পুলিশ গতকাল আলমগীর হোসেন (২৭) নামের এক যুবককে ১১টি চকলেট বোমাসহ আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জোর করে সিল মারা ১৩৫টি ব্যালট পেপার বাতিল করা হয়। আমজাদহাট ইউনিয়নের নবাব ফয়েজুন নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে ভোট শুরুর আগেই কিছুসংখ্যক সন্ত্রাসী চকলেট বোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোঁটা, কিরিচ ও রামদা নিয়ে ভোটারদের ধাওয়া দেয়। পরে সীমান্তরক্ষী বাহিনী (সাবেক বিডিআর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে পাঁচজনকে আটক করেন। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় আটটি চকলেট বোমা ও আটটি রামদা-কিরিচ উদ্ধার করেন তাঁরা।একই ইউনিয়নের পেনাপুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাফর ইমাম উচ্চবিদ্যালয়, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা পথে পথে ভোটারদের কেন্দ্রে যাওয়ায় বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজিবির সদস্যরা বসন্তপুর কেন্দ্রের বাইরে থেকে তিনজনকে আটক করেন।এদিকে জিএম হাট ইউনিয়নের জিএম হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রভাব বিস্তার ও কর্তব্যরত পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মজিবল হককে দুপুর ১২টায় আটক করে পুলিশ। তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। নির্বাচন শেষে বিকেল সাড়ে পাঁচটায় এলাকায় ভোট গণনার পর কোনো ধরনের হাঙ্গামা করবেন না বলে অঙ্গীকার করার পর ৫০০ টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী বিভিন্ন ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সন্ত্রাসী তৎপরতায় ১০ জনকে আটক, অস্ত্র উদ্ধার ও ১৩৫টি ব্যালট পেপার বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।নোয়াখালী: দুপুরে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পণ্ডিতেরহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে ইকবাল হোসেন (২৫) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক।এর আগে বেলা ১১টায় নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি ফাঁকা গুলি ছোড়ে।প্রায় একই সময় চাপরাশিরহাট ইউনিয়নের বালুয়া দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মো. সবুজ (২৪) এবং মধ্যম সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থীর হামলায় আবু নাছের (৩৬) নামের এক সদস্য প্রার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম এক যুবকের সাত দিনের কারাদণ্ড ও তিনটি ফাঁকা গুলিবর্ষণের কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া অন্য কোনো কেন্দ্রে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি।