সংঘর্ষে ট্রলার ডুবে নিহত ৩, নিখোঁজ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুর উপজেলার শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র ও বানার নদের মোহনায় ‘ত্রিমোহনী’ এলাকায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার ডুবে গেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮ যাত্রী। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা উদ্ধারকাজ চালাচ্ছেন। তাঁদের সঙ্গে এলাকাবাসীরাও যোগ দিয়েছেন।
দুর্ঘটনার পর আবদুর রহিম (৩১), আসমা বেগম (৪২) ও সাবিকুন নাহার (৮) নামের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনার পর গফরগাঁওয়ের পাগলা, গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উল কাদির জানান, আজ দুপুরে ব্রহ্মপুত্র নদের টোকচানপুর ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার গাজীপুর উপজেলার রবমীর উদ্দেশে যাচ্ছিল। ট্রলারটি ত্রিমোহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।