সংঘর্ষে দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার মুশুলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত দুজন হলেন আব্দুছ ছাত্তার (৫০) ও তাঁর ভাই আবুল হাশেম (৬৫)। সংঘর্ষে ইন্ধন জোগানোর অভিযোগে বাচ্চু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

নিহত আব্দুছ ছাত্তারের ছেলে রাসেল মিয়ার ভাষ্য মতে, প্রতিবেশী মোতালেবের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তাঁদের অনেক দিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার প্রস্তুতি নেন ওই পক্ষের লোকজন। বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় মোতালেব পক্ষের লোকজন বাবার (ছাত্তার) মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে বাঁচাতে চাচা আবুল হাশেম এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন প্রতিপক্ষ। পরে দুজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবা মারা যান। অবস্থার অবনতি হলে গতকাল বুধবার সকালে চাচা আবুল হাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল দুপুরে চাচা মারা যান।