সংঘর্ষে ধরমপাশায় প্রাণ গেল একজনের
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আজ শনিবার নির্বাচনী সহিংসতায় এক তরুণ নিহত হয়েছেন। উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই সদস্য পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়।
নিহত তরুণের নাম কোহিনূর চৌধুরী (১৮)। তাঁর বাড়ি উপজেলার বেখইজোড়া গ্রামে। ওই গ্রামের সামছুল হক চৌধুরীর ছেলে তিনি। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাইকুরাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে সামছুল হক চৌধুরী ও তৌফিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সামছুলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে তৌফিক আহমেদের সমর্থকেরা বিকেল সাড়ে পাঁচটার দিকে বেখইজোড়া গ্রামে সামছুলের বাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করে কোহিনূর চৌধুরীকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আওলাদ হোসেন (৩৫), আলীনূর (৩২), জানু মিয়া (৪৫), আরিফুল (২৪), রনি মিয়া (৩২) ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শামসুল ইসলাম খান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে কোহিনূর চৌধুরীর মৃত্যু হয়েছে।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া আজ রাত সাড়ে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাইকুরাটি ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কী নিয়ে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।