সংঘর্ষে না জড়ানোর শপথ
কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত না হওয়ার শপথ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের লোকজন। তাঁরা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্রও জমা দিয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার শান্তিনগর গ্রামের মাজার প্রাঙ্গণে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকারের উদ্যোগে গ্রামবাসী এই শপথ করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে ২০১১ সালের ১০ ডিসেম্বর সকালে গৌরনগর গ্রামের আজুইরা বাড়ির লোকজন হামলা চালিয়ে সরকারবাড়ির রবিউল নামের এক যুবককে হত্যা করেন। এ ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় গত ৯ জানুয়ারি আজুইরা বাড়ির লোকজন ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আবারও সরকার বাড়ির লোকজনদের ওপর হামলা চালান। এতে অন্তত ৩০ জন আহত হন। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় সরকারবাড়ির লোকজন বাড়ি ছেড়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় আবারও সংঘাত প্রতিরোধে গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। এ পরিস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক সরকার গ্রামবাসীর বিরোধ মীমাংসার জন্য রোববার বিকেলে পাশের শান্তিনগর গ্রামে শান্তি বৈঠক করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দেশীয় অস্ত্র জমা নেন। ইউএনও প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের ১০ জন সংঘর্ষে না জড়ানোর শপথ নিয়েছেন। এর পরও যদি তাঁরা সংঘর্ষে লিপ্ত হন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।