রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে পরাজিত দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার ৭৮ জনকে আসামি করে মামলা হয়েছে।কাউন্সিলর পদপ্রার্থী বেলাল হোসেনের সমর্থক নিহত ডালিম মিয়ার (২৭) দাফন গতকাল তাঁর গ্রামের বাড়ি নগরের ৩১ নম্বর ওয়ার্ডের কিশামত গ্রামে সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডালিম মারা যান। ওই দিন সকালে গ্রামে সংঘর্ষের ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ জানায়, ডালিমের চাচাতো ভাই দর্শনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফতেহ আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় ৭৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার প্রধান আসামি পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী সামছুল আলমসহ ১১ জনকে শনিবারই পুলিশ গ্রেপ্তার করেছে।গতকাল বিকেলে হাসপাতাল থেকে ডালিমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একমাত্র সন্তান নিয়ে স্ত্রী শাহজাদী বেগম আহাজারি করতে থাকেন।