সংঘর্ষে নিহতের ঘটনার প্রতিবাদে ফরিদগঞ্জে হরতাল চলছে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় যুবদলের তিনজন ও ছাত্রদলের একজন কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে উপজেলা বিএনপি। উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা বিএনপি এ হরতালে সমর্থন জানিয়েছে। বেলা তিনটায় জেলা বিএনপির কার্যালয়ে গায়েবানা জানাজা, কালো ব্যাজ ধারণ ও শোকসভা করবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গতকাল বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় জাহাঙ্গীর হোসেন (৩৫) ও আরিফ হোসেন (২৫) এবং রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাবুল ভূঁইয়া (৩০) নামে যুবদলের তিন কর্মী নিহত হন। একজন ছাত্রদল কর্মীও মারা গেছেন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে গতকাল দুই থেকে তিন হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে। এসব মামলায় সাতজনকে আটক করা হয়েছে।