সংঘর্ষে পণ্ড শেরপুরে বিএনপির স্মরণসভা
বিএনপি নেতা ও সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপি আয়োজিত স্মরণসভা যুবদলের দুই পক্ষের হাতাহাতি, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় পণ্ড হয়ে গেছে।এতে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় শহরের রঘুনাথ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে কর্তব্যরত পুলিশ পরে উভয় পক্ষকে বিতাড়িত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দলীয় সূত্রগুলো জানায়, যুবদলের বিভিন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে শেরপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি দুই ভাগ হয়ে পড়ে। এর একদিকের নেতৃত্বে রয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান। গতকাল বুধবারের স্মরণসভায় যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলামকে বক্তব্য দিতে না দেওয়ার জের ধরে তাঁর সমর্থকেরা অনুষ্ঠানস্থলে হামলা চালায় এবং চেয়ার ছুড়ে মারলে উভয় পক্ষে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদ আলী চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানটি বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে শুরু হয়। সভায় জেলা বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ মাহমুদুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন। সভা শুরুর কিছুক্ষণ পরই বক্তব্য দেওয়া নিয়ে জেলা যুবদলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে নামাজের বিরতির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলামকে বক্তব্য দিতে না দেওয়ায় তাঁর সমর্থকেরা উত্তেজিত হয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায় এবং চেয়ার ছুড়ে মারলে উভয় পক্ষে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়। শুরু হয় শফিকুল ও আকরামুজ্জামানের পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। নেতা-কর্মীরা দৌড়ে পালাতে থাকেন। এ সময় যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ফলে শহরের রঘুনাথ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলের আশপাশে কর্তব্যরত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে বিতাড়িত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শেরপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান এ ঘটনায় পরস্পরকে দায়ী করেন।শেরপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জেলা যুবদলের দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সভাস্থলে হাতাহাতি-সংঘর্ষ হলে বিএনপির সভা পণ্ড হয়ে যায়।শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল বাশার বলেন, বিএনপির কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষকেই মৃদু লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।