ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল-বাবুগঞ্জ ক্যাম্পাস ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার বিকেলে ওই সংঘর্ষে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগ সোমবার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছাত্রাবাসে ঝাড়ুদার নিয়োগের দাবি জানায় ডিন আবদুল বাতেনের কাছে। জবাবে ডিন জানান, বিষয়টি তাঁর এখতিয়ারে নেই। উপাচার্যের অনুমতি ছাড়া নিয়োগ দেওয়া সম্ভব নয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। বিকেল পাঁচটায় বিমানবন্দর থানার পুলিশ ক্যাম্পাসে এলে পুলিশের সঙ্গে ছাত্ররা কথা-কাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হন। একপর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে শিক্ষার্থীদের লাঠিপেটা ও আটজনকে আটক করে। পরে রাতে পুলিশ একজন শিক্ষকসহ ১৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪৫ জনের বিরুদ্ধে মামলা করে। এতে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ভেটেরিনারি অনুষদ সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে বরিশাল ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়। গতকাল বুধবার সব শিক্ষার্থীকে ছাত্রবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘বরিশাল ক্যাম্পাসের ডিন অবৈধ অনেক নিয়োগ দিলেও ছাত্রাবাসের ঝাড়ুদার নিয়োগ দিচ্ছেন না। এ ঘটনার জন্য তিনিই দায়ী।’ডিন আবদুল বাতেন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী ছাত্রদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তি দেওয়া হবে।