সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ও ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাগাজীর তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে গত কয়েক মাস ধরে এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে শিপন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সেলিম। এক পক্ষ একাধিকবার প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অপর পক্ষ আবার তালা ভাঙে।
গত শুক্রবার সকালে এক পক্ষ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ আহ্বান করে। এতে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাবেশ বন্ধ করতে বলেন। কিন্তু গতকাল সকালে সেলিমের পক্ষের কিছু লোক বিদ্যালয় মাঠে জড়ো হয়। এ সময় শিপনের পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় বিদ্যালয়সংলগ্ন একটি দোকানও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সোনাগাজী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিনজন শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে মো. পারভেজ (১৪), মো. মহসীন (১৪), মোসাম্মৎ ফারহানা (১৩), মো. শাহজাহান (৫২), আমির হোসেন (৪২), সোহাগ (২৫) ও ফয়েজ আহম্মদের (৩০) নাম জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাখাওয়াতুল হক বলেন, কিছু লোক দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে এলাকায় শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে চাইছে। এতে বিদ্যালয়টির ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ২০টি শটগানের গুলি ছুড়তে হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।