সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা-বাগানে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বাগানে থমথমে অবস্থা বিরাজ করছে। গত শুক্রবারের (১৯ আগস্ট) এই সংঘর্ষে মনসুর আলী (৫৫) নামে বাগানের এক চা-শ্রমিক নিহত, চারজন আহত ও নিহত শ্রমিকের ঘরদোর ভাঙচুর হয়েছে। বাগানে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় পুলিশ এই পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে।চা-বাগান ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার ইটা চা-বাগান এলাকায় শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কলোনি ঘরের জন্য কিছু টিন বরাদ্দ করে। এই টিন চুরি নিয়ে উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চা-বাগান এলাকার বর্তমান সদস্য নাজিম উদ্দিন ও সাবেক সদস্য আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে গত শুক্রবার বেলা তিনটার দিকে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় আবদুল মান্নানের সমর্থক মনসুর আলীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করে ঘরদোর ভাঙচুর ও তাঁকে মারধর করে। হামলায় মনসুর আলী গুরুতর আহত হলে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে হাসপাতালেই তিনি মারা যান। মনসুর আলী ইটা চা-বাগানের পশ্চিম টিলার বাসিন্দা ও বাগানের একজন অবসরপ্রাপ্ত শ্রমিক। সংঘর্ষে চা-বাগানের রামচরণ নুনিয়া (৫০), গোবিন্দ তেলি (৩৫), সজব আলী (৪০) ও সফিকুল ইসলাম (২০) আহত হয়েছেন। ইটা চা-বাগানের ব্যবস্থাপক মো. মামুদ আলী গতকাল শনিবার বলেন, ‘ইটা চা-বাগান নিয়ে রাজনীতি শুরু হয়েছে। সামান্য কথা-কাটাকাটি হয়েছে। এ রকম একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। শ্রমিকেরা গতকাল কাজে যোগ দিয়েছেন।’