সংঘর্ষের আশঙ্কায় পুঠিয়ায় ১৪৪ ধারা
রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন এবং আওয়ামী লীগের প্রীতি ফুটবল ম্যাচের ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় গতকাল শুক্রবার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেন।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভালুকগাছি ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের ঘোষণা দেয় বিএনপি। অন্যদিকে একই দিন একই সময় ওই মাঠে দমদমা বনাম গোটিয়া গ্রামের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় স্কুল সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবদুল খালেক। এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনও দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
পুঠিয়ার ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ জানান, উপজেলার প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় তিনি এ ব্যবস্থা নিয়েছেন।
পুঠিয়া থানার ওসি শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দমদমা প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি পুঠিয়া থানা-পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।