শিশুদের ছাত্র পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও প্রার্থীর এজেন্টের বাধা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বড়দের মধ্যে। এ নিয়ে সংঘর্ষে তিনজন শিক্ষার্থী গুরুতর জখম হয়। এ নিয়ে হয় মামলা। এরপর ফের সংঘর্ষের আশঙ্কায় ১২ দিন ধরে অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।
এ ঘটনা নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কে কে এস ইনস্টিটিউশনে। উপজেলা সদর থেকে এ বিদ্যালয়ের দূরত্ব ১৫ কিলোমিটার। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৬৫২ জন।
বিদ্যালয় সূত্র জানায়, গত ৩০ মার্চ সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ (স্টুডেন্ট কেবিনেট) নির্বাচন হয়। ওই বিদ্যালয়ে ওই দিন নির্বাচনের সময় দশম শ্রেণির শিক্ষার্থী শুভ শিকদার জোর করে জাল ভোট দিতে চায়। এতে বাধা দেয় এক প্রার্থীর এজেন্ট দশম শ্রেণির শিক্ষার্থী রমজান। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে বড়দের মধ্যে। রমজান মাকড়াইল গ্রামের পশ্চিম পাড়ার এবং শুভ শিকদার পাড়ার বাসিন্দা। এই নিয়ে ওই দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে বিদ্যালয় চত্বরে ১ এপ্রিল সংঘর্ষ হয়। সংঘর্ষে পশ্চিম পাড়ার বাসিন্দা দশম শ্রেণির তিন শিক্ষার্থী ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে তিন শিক্ষার্থীসহ পাঁচজনের নামে মামলা হয়। এক শিক্ষার্থীসহ দুজন গ্রেপ্তার হয়।
গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ৬৫২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত আছে ১৮৯ জন। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। শিক্ষকদের মধ্যেও রয়েছে আতঙ্ক। এ আতঙ্কে পড়াশোনার পরিবেশে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলে, আবার সংঘর্ষ হতে পারেÑএই ভয়ে তাদের অভিভাবকেরা বিদ্যালয়ে আসতে দিতে রাজি হচ্ছেন না। এ ছাড়া শিক্ষার্থীরাও ভয় পাচ্ছে। তাই উপস্থিতি কমে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, দুপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় উত্তেজনা থাকায় ভয়ে শিক্ষার্থী কমেছে।