সংঘর্ষের এক মাস পর রংপুর চিনিকলে আখ মাড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ-সাঁওতাল সংঘর্ষের এক মাস তিন দিন পর গতকাল শুক্রবার থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। সন্ধ্যায় ২০১৬-১৭ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ। তাঁরা চিনিকলের মাড়াইযন্ত্রে আখ নিক্ষেপ করে মৌসুমের উদ্বোধন করেন। এরপর এ বছরের মৌসুমে চিনি উৎপাদন শুরু হয়।

এ উপলক্ষে সন্ধ্যার পর চিনিকল চত্বরে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল। বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম, পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান প্রমুখ।

সমাবেশে আবদুল আউয়াল বলেন, আখ মাড়াই শুরু হওয়ার পর চিনিকল নিয়ে নানা অপপ্রচার বন্ধ হলো। চলতি মাড়াই মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে শতকরা ৬ দশমিক ৫ ভাগ। আখের মূল্যপ্রাপ্তিতে অনিয়ম বন্ধে এ বছর থেকে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। মুঠোফোনের মাধ্যমে ই-পুর্জি ও মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে কৃষকেরা আখের মূল্য পাবেন।