সংঘর্ষের কারণ জানেন না নীলক্ষা ইউনিয়নবাসী!
চরাঞ্চল হিসেবে পরিচিত নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে প্রায় প্রতিবছর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাণ ও সম্পদ হারালেও সংঘর্ষের কারণ কারও জানা নেই। তবে টেঁটা হাতে সম্মুখ সংঘর্ষে লিপ্ত হওয়া এখানকার লোকজনের যেন অভ্যাসে পরিণত হয়েছে। মামলা-হামলা তাঁদের কাছে সাধারণ ব্যাপার। সংঘর্ষের ভয়াবহতা দেখে দেখে বড় হয়ে ওঠা জনপদের বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেল।
গত সোমবার নীলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকার পক্ষের সংঘর্ষে চারজন প্রাণ হারান। আগের দিন সংঘর্ষে ৫০ জন আহত হন। এসব সংঘর্ষে ঘর পুড়েছে দেড় শতাধিক। লুট হয় কয়েক কোটি টাকার সম্পদ।
গত মঙ্গলবার নীলক্ষা, বীরগাঁও, দড়িগাঁও ও হরিপুর গ্রামে গিয়ে সংঘর্ষ-পরবর্তী ক্ষতচিহ্ন চোখে পড়ে। চারটি গ্রাম ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। গ্রেপ্তার এড়াতে নারী, শিশু ও বৃদ্ধ ছাড়া উভয় পক্ষের লোকজন গ্রামছাড়া। নীলক্ষা আতশ আলীর বাজারে দেখা যায়, একটি দোকান খোলা। বাকি সব দোকান বন্ধ। কারণ জানতে চাইলে দোকানি শামসুল হক মেম্বার (৭০) বলেন, ‘আর কেন? মারামারি।’ তিনি আরও বলেন, ‘চরের মানুষ জমিজমা, টেহা-পয়সার কারণে কাইজ্জা (সংঘর্ষ) করে না।’ তাহলে কেন তাঁরা সংঘর্ষে জড়ান, এমন প্রশ্নে তাঁর জবাব, ‘কাইজ্জা করা আমরার অভ্যাস, না করলে ভালা লাগে না। শুরু হইয়া গেলে ঈদ ঈদ লাগে।’
এবারের সংঘর্ষে হরিপুর দক্ষিণ পাড়া গ্রামের তাজুল ইসলাম পক্ষের সমেদ আলী মিয়ার পরিবারের ছয়টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সমেদ আলীর ভাই জাহেদ আলীর স্ত্রী বিনা বেগমের বিলাপ যেন থামছে না। এক যুগের ব্যবধানে এ বাড়িতে ছয়বার হামলা হয়। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন টিউবওয়েলটিও অকেজো করে দিয়ে গেছে। এক গ্লাস পানি খাওয়ারও উপায় নেই।
হরিপুর গ্রামের ইদ্রিস মিয়া বলেন, জীবদ্দশায় তিনি কতবার সংঘর্ষ দেখেছেন, তার হিসাব নেই। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাঁরও অজানা। সমাধানের পথ জানতে চাইলে তিনি বলেন, ‘অভ্যাস বদলাইতে হইব। না হইলে লাভ নাই।’
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নটির অর্থনীতি কৃষি ও প্রবাসী আয়নির্ভর। অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বেশির ভাগ তরুণ প্রবাসে থাকলেও সংঘর্ষের বিষয়ে তাঁদেরও আগ্রহ থাকে। সংঘর্ষ হলে মান বাঁচাতে তাঁরা প্রবাস থেকে অর্থের জোগান দিয়ে থাকেন। হরিপুর গ্রামের ফরিদ মিয়া (৫২) বলেন, বিবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। কারণ তারা জন্মের পর থেকেই টেঁটা আর লাঠিসোঁটা বানাতে ও ব্যবহার করতে দেখে। বড় হওয়ার পর তাঁদের কাছে বিষয়টি সহজ হয়ে যায়। দড়িগাঁও পশ্চিম পাড়ার বৃদ্ধ ফজলু মিয়া (৮০) বলেন, ‘ঝগড়া করা আমরার রক্তে মিশে গেছে।’
মঙ্গলবার ঘটনাস্থলে এসেছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশন) আবুল কালাম সিদ্দিকী। তিনি বলেন, এখানকার সংঘর্ষের ধরন ও কারণ ভিন্ন। সুতরাং সমস্যার সমাধান করতে তাঁরা এবার গভীর থেকে দেখবেন এবং স্থায়ী সমাধানের উপায় খুঁজবেন।
রক্তক্ষয়ী টেঁটা সংঘর্ষ থেকে বিরত থাকতে নীলক্ষা ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের অনুরোধ করেছেন স্থানীয় সাংসদ রাজি উদ্দিন আহমেদ। একই সঙ্গে তরুণদের হাতে টেঁটার পরিবর্তে বই তুলে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। গতকাল দুপুরে স্থানীয় আবুল হোসেন উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ফরাজীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন, পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. ছাত্তার, ইমান উদ্দিন ভূঁইয়া প্রমুখ।