বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে বরগুনা সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উভয় মামলাতেই ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমানের অপসারণের দাবিতে গত বুধবার বরগুনা-মঠবাড়িয়া-খুলনা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একজন উপপরিদর্শকসহ (এসআই) কমপক্ষে ১২০ জন আহত হন। পুলিশের ওপর হামলার ঘটনায় শিবিরের পলিটেকনিক শাখার নেতাদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায় গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরাও জানতে পেরেছি বুধবারের হামলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। একটি সংগঠনের ইন্ধনে ও প্রত্যক্ষ সহায়তায় এই হামলা হয়েছে।’