চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলশি ও পাঁচলাইশ থানায় গত শনিবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগের নেতা নুরুল হক ওরফে মনির (২৪), ছাত্রলীগের কর্মী ফকরুল ইসলাম (২২), আদনান রহমান (২০) ও দিনার হোসেনের (২০) বিরুদ্ধে শনিবার রাতে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের চার নেতা-কর্মীর কাছে দুটি কিরিচ, দুটি ছোরা, একটি রামদা এবং কয়েকটি রড পাওয়া গেছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এদিকে একই ঘটনায় খুলশি থানায় শনিবার রাতে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা হয়েছে।
খুলশি থানার ওসি নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কর্মী শরীফ ও জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।