সংঘর্ষের ঘটনায় ৫০০ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে গতকাল শনিবার ফরমালিনবিরোধী অভিযান পরিচালনার সময় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫০০ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ প্রথম আলোকে জানান, পুলিশের ওপর আম ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ আম ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বিকেলে বানেশ্বর বাজারে ফরমালিনবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমে ফরমালিন মেশানোর অভিযোগে চার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত আম ব্যবসায়ীরা রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করে দুটি বাস ভাঙচুর করে ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৫টি গুলি ছোড়ে।