সংঘর্ষের ঘটনায় ৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে নয় শিক্ষার্থীকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আর্থিক জরিমানা করা হয়েছে আরও দুই শিক্ষার্থীকে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির ১১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন রাতে ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহার স্বাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, পুরকৌশল বিভাগের শাহারিয়ার কবির, যাকারিয়া নাসিম, মো. আবদুল আওয়াল, কম্পিউটার কৌশল বিভাগের মো. সাফায়েত ইসলাম, মোসলেহ উদ্দিন, মন্জুর-ই-মেহেদী, এস এম সানিউল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মো. মোবাশ্বারুল ইসলাম। মোসলেহ উদ্দিন ছাড়া অন্যদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। মোসলেহ উদ্দিনকে এক বছরের জন্য এবং অন্যদের বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাইফুদ্দিন মো. ফুরকান ও সাজ্জাত হোসেনকে শুধু আর্থিক জরিমানা করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
গত ১৫ জুন রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেহেদী হাসানের পক্ষ ও মোসলেহ উদ্দিনের পক্ষের মধ্যে সহিংসতার ঘটনায় কম্পিউটার কৌশল বিভাগের নায়েব হোসেন খান গুরুতর আহত হন।