চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ছাত্রলীগ। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকালে এই কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘একাকার’ ও ‘সিক্সটি নাইন’-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হন। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ ছাত্রলীগের তিন নেতাকে আটক করে। অভিযোগ রয়েছে, শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন একাকারকে নেতৃত্ব দেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন আরেক সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু। সংগঠন সূত্রে জানা গেছে, এ ঘটনা তদন্তে গঠিত কমিটিতে প্রধান করা হয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলামকে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন সহসভাপতি সাফায়েত বিল্লাহ ও সাংগঠনি সম্পাদক রোবাইয়াত হোসেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সংঘর্ষে সংগঠনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।