সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে গতকাল শনিবার ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনজনই শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র গোলাম রসুল, একই বিভাগের ছাত্র মোস্তাফিজুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আসাবুল হক। গত ৩০ এপ্রিল বিকেলে চট্টগ্রাম সেনানিবাস রেলস্টেশনে বগিভিত্তিক সংগঠন ‘ড্রিম বয়েজ’ ও ‘উল্কা’র সদস্যরা যৌথভাবে ‘একাকার’ নামের আরেক বগির সদস্যদের ওপর হামলা চালান। এতে ছাত্রলীগের কর্মী কাজী মো. তানজীম হোসেন, রিফাত বিন সাদিক ও জোবাইর আহত হন। পরে ছাত্রলীগের কর্মী সাইফুদ্দিন রেলওয়ে থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন,‘সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে পুলিশ ছয় শিক্ষার্থীকে আটক করেছে। পরে তিনজনকে পুলিশ ছেড়ে দেয়। এ ঘটনায় পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নিশান ও স্বাধীন মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য শনিবার সকালে বিভাগে যান। এ খবর পেয়ে ছাত্রলীগের প্রতিপক্ষের কর্মীরা সমাজবিজ্ঞান অনুষদ ঘেরাও করেন এবং ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়ে অবস্থান নেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।বিশ্ববিদ্যালয় ফাঁড়ির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেনানিবাস রেলস্টেশনে তিন ছাত্রলীগের কর্মীর ওপর হামলার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।