সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, হল ছেড়েছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা গতকাল হল ছেড়ে চলে গেছেন। শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ ও মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক অশোক কুমার সেন গুপ্তকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন একই বিভাগের শিক্ষক কাজী দেলোয়ার হোসেন ও মানবিক বিভাগের মো. শামসুস সাদেকীন।চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনা তদন্ত করতে এ কমিটি করা হয়েছে। প্রয়োজনে কমিটিতে আরও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের এক শিক্ষিকা ক্লাস নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরণ করেন। ওই দিন ওই শিক্ষিকা ক্লাস থেকে বেরিয়ে যান। পরে তিনি ক্লাস বর্জন করেন। এ নিয়ে বৃহস্পতিবার শিক্ষার্থীদের দুই পক্ষের কথা-কাটাকাটি, সংঘর্ষ ও মারামারি হয়।