ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা এলাকার ছাত্রাবাসে গত ২৯ ডিসেম্বর রাতে একটি কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ কলেজ শাখার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ নিয়ে আপত্তি উঠেছে। সংঘর্ষে আহত শিক্ষার্থী ও চিকিত্সক নেতারা এই সুপারিশ পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছেন। ছয় সদস্যের তদন্ত কমিটি দোষীদের শনাক্ত করে কলেজের বিভিন্ন দিক তুলে ধরে চারটি সুপারিশসহ একটি প্রতিবেদন ৪ মার্চ অধ্যক্ষের কাছে পেশ করেন। ১১ মার্চ একাডেমিক কাউন্সিলে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। চিকিত্সক নেতারা দ্বিতীয় সুপারিশ নিয়ে তীব্র আপত্তি তুলে তা পুনরায় বিবেচনার আবেদন জানান। সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি কলেজের ডিসিপ্লিনারি কমিটির সভায় তোলা হবে।প্রতিবেদনে ধারালো অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া ও ভোঁতা অস্ত্রধারীদের সতর্ক করে দেওয়ার সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে আঘাতের গুরুত্ব বিবেচনা করা হয়নি বলে চিকিত্সক নেতা ও আহত শিক্ষার্থীর অভিমত।ভোঁতা অস্ত্রের আঘাতে আহত কলেজের ৪২তম ব্যাচের শিক্ষার্থী রনি রায় বলেন, ‘হকিস্টিক, রড দিয়ে পেটানোর কারণে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস হাসপাতালে আমাকে জীবনসংহারী কিডনি ফেইলিওরের কারণে ছয়টি ডায়ালাইসিস করাতে হয়েছে। হাসপাতালে মাসাধিককাল চিকিত্সা করিয়ে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। পড়াশোনাসহ ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।’ রনি বলেন, ‘যারা আমাকে এভাবে আহত করল, তাদের রক্ষা করতে স্যাররা এ কেমন সুপারিশ করলেন! আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং সুপারিশ পুনরায় বিবেচনার দাবি জানাচ্ছি।’বিএমএ ময়মনসিংহের সহসভাপতি আ ন ম ফজলুল হক পাঠান বলেন, ‘অপরাধের সাজা নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সব শিক্ষার্থীই আমাদের কাছে সমান। ভোঁতা অস্ত্র ব্যবহার করায় যে ছেলেটির কিডনি প্রায় নষ্ট হতে বসেছিল, মৃত্যুর মুখে যারা তাকে ঠেলে দিল, তাদের কেবল সতর্ক করার সুপারিশটি অমানবিক। আমি এর তীব্র প্রতিবাদ জানিয়ে সুপারিশটি পুনরায় বিবেচনার আবেদন জানিয়েছি।’জানা গেছে, ঘটনা তদন্তে শুরুতে একাডেমিক কাউন্সিল সার্জারি বিভাগের অধ্যাপক আ. গফুরকে সভাপতি করে যে তদন্ত কমিটি গঠন করা হয়, ব্যক্তিগত সমস্যা দেখিয়ে এই কমিটি থেকে আ. গফুর সরে যান। পরে একাডেমিক কাউন্সিলের সভা না করে কলেজ অধ্যক্ষ মুখে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মতিউর রহমানকে সভাপতি করে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।আ. গফুর বলেন, ‘আমি একরোখা মানুষ। আমাকে দিয়ে কোনো অন্যায় করানো সম্ভব নয়। ব্যক্তিগত সমস্যার কারণে কমিটি থেকে সরে এসে বেঁচে গেছি।’এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মীর্জা হামিদুল হক বলেন, সুপারিশে ধারালো ও ভোঁতা অস্ত্রের আঘাতকে আলাদা করে না দেখাই ভালো। আঘাতের গুরুত্ব অনুসারে প্রতিবেদনের সুপারিশ ও একাডেমিক কাউন্সিলের সভায় সদস্যদের আলোচনার সমন্বয়ে করা নতুন প্রতিবেদন এ মাসেই ডিসিপ্লিনারি কমিটির সভায় উপস্থাপন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।