সংঘর্ষের ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের উপজেলা পর্যায়ের দুই শীর্ষ নেতাকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। একটি মামলা গতকাল মঙ্গলবার রাতে সোনাইমুড়ী থানায় এবং আরেকটি মামলা আজ বুধবার নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে করা হয়।

সোনাইমুড়ী থানায় উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া গতকাল বাদী হয়ে উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউপির চেয়ারম্যান মো. হানিফ ওরফে হানিফ মোল্লাকে আসামি করে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে করা অন্য মামলার বাদী সংঘর্ষে নিহত হিযবুত কর্মী ইব্রাহিম খলিলের স্ত্রী হাজেরা আক্তার। এই মামলায় উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মো. নুরুল আলমকে ১ নম্বর ও জামায়াত নেতা মো. হানিফকে ২ নম্বর আসামিসহ ১৬ জনকে এজাহারভুক্ত এবং আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক বাদীর আরজি আমলে নিয়ে আবেদনটি এফআইআরভুক্ত করে নিয়মিত মামলা করতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তবে রাতে যোগাযোগ করা হলে ওসি কাজী হানিফুল ইসলাম আদালত থেকে কোনো মামলার কাগজ পাননি বলে জানিয়ে বলেন, পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের করা মামলা প্রসঙ্গে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, ঘটনার পর সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে পুরো ঘটনার সঙ্গে উপজেলা জামায়াতের আমির ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। যার দরুন তাঁকে এ মামলার একমাত্র এজহারনামীয় আসামি করা হয়েছে। এখন তদন্তে আরও যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়া যাবে, তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

এ প্রসঙ্গে অভিযুক্ত জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ প্রথম আলোকে বলেন, পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাঁকে এ মামলায় জড়িয়েছে।
অন্য মামলার আসামি হওয়া প্রসঙ্গে হেফাজত নেতা মো. নুরুল আলম বলেন, সেদিনের ঘটনার জন্য হিযবুত তওহিদের কর্মীরাই দায়ী।

১৪ মার্চ সকালে সোনাইমুড়ীর চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের কয়েক শ লোক ওই গ্রামে হিযবুত তওহিদের কার্যক্রম ও স্থানীয়ভাবে নির্মাণাধীন একটি মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবিতে স্মারকলিপি দিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামবাসী ফিরে আসার সময় চাষিরহাট নতুন বাজারে হিযবুতের কর্মীরা তাঁদের ওপর হামলা চালালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। প্রায় দিনভর চলা এ সংঘর্ষে দুই হিযবুত কর্মীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় প্রায় ৫০ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে আরও ২০০ জন আহত হয়েছেন।