সংঘর্ষের ঘটনায় পাঁচজনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের তিনজন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সরওয়ার আলম ও ফারহান রহমান, ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান, উত্তম দেবনাথ ও গৌরাঙ্গ চন্দ্র সাহা। এঁরা সবাই পঞ্চম ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আট-নয়জনকে আসামি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আহত শহিদুজ্জামান অভিযোগ করেন, স্থগিত হওয়া ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি সরওয়ার আলমের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
অভিযোগ অস্বীকার করে সরওয়ার আলম বলেন, ‘আমরা হামলা করিনি। তারাই আমাদের ওপর হামলা করে। আমরা প্রতিহত করতে গিয়ে সংঘর্ষ বাধে।’
এদিকে ছাত্রলীগ কর্মীকে মারধর করার ঘটনায় অভিযুক্ত নেতা-কর্মীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে গত ১৫ এপ্রিল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
১৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের ঘটনায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের
তিন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের জের ধরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।