কেন্দ্রীয় নেতাদের সামনে সুনামগঞ্জ জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। দুই মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গত বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংঘর্ষের ঘটনা ঘটে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া পক্ষের দায়ের করা মামলার বাদী হয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান। এই মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা কমিটির সহসভাপতি আ স ম খালিদ, কোষাধ্যক্ষ শামসুল হকসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে। সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কলিমউদ্দিনের পক্ষের করা মামলায় বাদী হয়েছেন জেলা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক মো. ময়না মিয়া। এ মামলায় জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবুল মুনসর শওকত, জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিনসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা ও সাংগঠনিক আলোচনার জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও শমসের মবিন চৌধুরী গত বুধবার সুনামগঞ্জে আসেন। কিন্তু সভা শুরুর আগেই সভাস্থলে জেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে আহত হন ২০ জন।