সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের জের ধরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ও আজ মঙ্গলবার দিনভর সড়ক-রেলপথ অবরোধ, ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর মডেল থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সার্বিক ঘটনা তদন্তে চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। 

এদিকে রাত সাড়ে সাতটা থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকার এআইজি মো. মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে এবং সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া এডিশনাল ডিআইজি মাহবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ কান্দিপাড়া এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও শীর্ষ আলেমদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সহকারী পুলিশ সুপারকে প্রত্যাহারসহ ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আলোচনা শেষে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক সাজিদুর রহমান কাল বুধবারের হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আলোচনায় পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। তাদের ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তা ছাড়া আহতদের সুচিকিৎসা, নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা, বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা দাবি জানানো হয়। সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে বিষয়গুলো সমাধান করা হবে বলে মাদ্রাসার শিক্ষক ও উপস্থিত আলেমদের আশ্বস্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ প্রথম আলোকে জানান, নিহত ছাত্রের পরিবারকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) স্যারের পক্ষ থেকে এক লাখ টাকা এবং জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার এসএম মইদুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ভাঙচুর, আগুন