সংঘর্ষের ছবি তোলায় সংবাদকর্মীকে ছাত্রদলের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মো. ফারুক (৩০) নামের এক সংবাদকর্মীকে মারধর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁকে রক্ষা করতে গিয়ে রিয়াজ উদ্দিন ও শহিদুল ইসলাম নামের আরও দুজন সংবাদকর্মী আহত হয়েছেন।

পরে পুলিশ ও ব্যবসায়ীরা ফারুককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সংবাদকর্মী ফারুক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকার পেকুয়া প্রতিনিধি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আজ সকালে পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শুরু হয়। ওই সভায় প্রায় পাঁচ হাজার সদস্য অংশ নেন। সেখানে পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পেকুয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবদুল মোনাফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সংঘর্ষ ও সভার মঞ্চ ভাঙচুরের চিত্র ধারণ করেন সংবাদকর্মী ফারুক। এতে ক্ষিপ্ত হয়ে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ ওরফে মুকুটের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা ফারুকের ওপর হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মারধরের শিকার সংবাদকর্মী ফারুক বলেন, ‘বাজারের ভাই ভাই কুলিং কর্নারে আমরা তিন সাংবাদিক চা খাচ্ছিলাম। এ সময় ছাত্রদল নেতা কামরান জাদিদের নেতৃত্বে ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী লাঠি ও ইট হাতে নিয়ে সামনে এসে দাঁড়ান। তাঁরা জানতে চান, সাধারণ সভার সংঘর্ষের চিত্র কেন ধারণ করেছি। বলেই তাঁরা কিল-ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট মারধরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করে বলেন ‘উত্তেজিত নেতা-কর্মীরা ফারুককে মেরেছে। আমি ছাত্রদল কর্মীদের সরিয়ে না দিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।’ তিনি দাবি করেন, যুবলীগ ও বিএনপি নেতার মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদকর্মী ফারুক ছাত্রদলের কর্মী রাসেলকে মেরেছেন। তাই এতে ক্ষিপ্ত হয়ে কর্মীরা তাঁকে মারধর করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ফারুককে উদ্ধার করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।