সংঘর্ষের জের ধরে ভটভটি ও রিকশাভ্যান চলাচল বন্ধ
বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রী বহন করা নিয়ে ভটভটিচালক ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই সংঘর্ষের জের ধরে তালোড়া-দুপচাঁচিয়া রাস্তায় ভটভটি ও রিকশাভ্যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তালোড়া-দুপচাঁচিয়া আট কিলোমিটার রাস্তায় ভটভটি ও ব্যাটারিচালিত রিকশাভ্যান চলাচল করে। মঙ্গলবার রিকশাভ্যানে তালোড়া থেকে কয়েকজন যাত্রী দুপচাঁচিয়া আসার পথে ভটভটিচালকেরা বাধা দেন। সন্ধ্যায় রাস্তার পলিপাড়া মোড়ে রিকশাভ্যান চালকেরা জড়ো হয়ে ভটভটিচালক মানিককে মারধর করেন। পরে ভটভটিচালকেরা তালোড়া রেলঘুমটিতে রিকশাভ্যানের কয়েকজন চালককে পাল্টা মারধর করেন। এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তালোড়া-দুপচাঁচিয়া রাস্তায় ওই দুই ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে পুলিশ মঙ্গলবার রাতেই দুই পক্ষের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেছে। গত বুধবার দুপুরে থানায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও এখনো ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রিকশাভ্যানের চালক মোবারক অভিযোগ করেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যাত্রী বহন করি। হঠাৎ করে ভটভটি চালকেরা আমাদের যাত্রী বহনে বাধা দিয়ে মারধর করেন।’
অভিযোগ অস্বীকার করে ভটভটিচালক মানিক দাবি করেন, যাত্রী বহনে বাধা দিলেও কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, রিকশাভ্যানের চালকেরা বরং তাঁদেরকে মারধর করেছেন।
দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, চালকদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে উত্তেজনা দেখা দিয়েছিল। পরে বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছে।