সংঘর্ষের জেরে খুলনা মেডিকেল কলেজের চার শিক্ষার্থী বহিষ্কার
খুলনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সংঘর্ষে জড়িত চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় নগরের সোনাডাঙ্গা থানায় ছয়টি মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭ থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ কোনো ক্লাস হয়নি।
সাময়িক বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী হলেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কে-২০ ব্যাচের ছাত্র সাইফুল্লাহ মানসুর, ছাত্রলীগ কর্মী ২২-ব্যাচের ছাত্র সাকিউল ইসলাম, ২২ ব্যাচের ছাত্র অনিন্দ্য সুন্দর ও ২৩ ব্যাচের ছাত্র মো. রাসেল।
সংঘর্ষের ঘটনায় নগরের সোনাডাঙ্গা থানায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে সাইফুল্লাহ মানসুর, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু ও সাধারণ সম্পাদক রুমান আহম্মেদের নাম আছে। এসব মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সোনালী সেন, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) সুকুমার বিশ্বাস ও কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি আবদুল্লাহ আল মাহবুব প্রথম আলোকে বলেন, ছাত্ররাজনীতি সব সময় বন্ধ ছিল। তবে অঘোষিতভাবে রাজনীতি চলত। গতকালের ঘটনার পর প্রধানমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে কলেজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সাময়িক বরখাস্ত হওয়া ওই চার ছাত্রকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—তা জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে ছয়টি মামলা করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় কলেজের প্রফুল্ল চন্দ্র রায় হোস্টেলের ছাত্র বিভাষ চন্দ্র দাস বাদী হয়ে ২৪ জনসহ অজ্ঞাত ১৫০ জনের নামে, একই হোস্টেলের সাদমান রহমান সিদ্দিকি বাদী হয়ে ২৬ জনসহ আরও অজ্ঞাত ২০ জনের নামে, এস এম ওবায়েদুর রহমান বাদী হয়ে পাঁচজনের নামে, এ কে এম মঞ্জুরুল আহসান ছয়জনের নামে, সালাউদ্দিন ইউসুফ পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ছয়জনের নামে এবং সাইদুর রহমান ছয়জনের নামে মামলা করেছেন। বিভাষের করা মামলার আসামি আবদুল জালাল, আজাহার, গোপাল কুমার সাহা ও রিপন সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বেলা দুইটায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, বহিরাগত সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে কলেজ ছাত্রলীগের প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মী ও শিক্ষার্থী আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নগর ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
খুলনা মেডিকেল কলেজে গতকাল শনিবার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।