সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ
ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আট ঘণ্টা ধরে ঢাকা থেকে চট্টগ্রামে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ওই দিন ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মহাসড়কের ওপর ট্রাকটি উল্টে পড়ে এবং ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ধরে তীব্র যানজট দেখা দেয়।
ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মাহবুবুর রহমান জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।