সংঘর্ষের পর থমথমে শ্যামপুর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে গত রোববার জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ এবং বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুনের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।সংঘর্ষের পর থেকে গতকাল সোমবার পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল। রাস্তাঘাটও ছিল মানুষশূন্য। এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। ওই সংঘর্ষে জামায়াতের একজন ও আওয়ামী লীগের দুজন কর্মী নিহত হন।এদিকে মাদ্রাসাশিক্ষক ও জামায়াতের কর্মী বশির আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ভবানীপুর দারুল হাদিস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছেন।গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, কানসাট থেকে শ্যামপুরে ঢুকতে কানসাট-শ্যামপুর সেতুর কাছে রাস্তা খুঁড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন জামায়াত-শিবিরের সমর্থকেরা। কিছুদূর এগোতেই বড় চামাবাজার। দুপুর ১২টার দিকে এটি ছিল একেবারেই ফাঁকা। শতাধিক দোকানের সবই ছিল বন্ধ। মুঠোফোনে বাজারের একজন ব্যবসায়ী জানান, সকালের দিকে কয়েকটি দোকান খোলা হলেও জামায়াত-শিবিরের লোকজন নিকটবর্তী স্থানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটালে সেগুলোও বন্ধ হয়ে যায়।সংঘর্ষস্থল খোঁজপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য বশির উদ্দীনের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় ভস্মীভূত হয়ে আছে বেশ কয়েকটি মোটরসাইকেল। বশির উদ্দীনের ভাই নাসির উদ্দীনের স্ত্রী বিউটি খাতুনের দাবি, রোববার জামায়াত-শিবিরের হামলার সময় বশির উদ্দীনসহ ১৭ জন এবং শিশুসন্তান নিয়ে তিনি একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তখন সন্ত্রাসীরা বাইরে থেকে আগুন লাগায়। দরজা খুলে সন্তান নিয়ে তিনি দৌড় দেন। এ সময় শিশুটি আহত হয়। অন্যদের কুপিয়ে আহত করা হয়।আরেক ভাই জেম আলী অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় গুরুতর আহত ১৪ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তিনি বলেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ভয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন এলাকাছাড়া।গতকাল সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।