সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারের বেদিতে বসাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে রুয়েট ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালান ও কলেজের অফিসে আগুন ধরিয়ে দেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত ও ক্যামেরাও ভাঙচুর করেন।সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে বলা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মোর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রুয়েট ক্যাম্পাসে নবনির্মিত শহীদ মিনারের বেদির ওপর বসে বন্ধুদের নিয়ে গল্প করছিলেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক বিপু। এ সময় রুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তারেক ও কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পাভেল তাঁদের শহীদ মিনারের বেদিতে বসে আড্ডা দিতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারেক হাসানের গালে চড় মারেন। এ ঘটনার পর দুপুরে রুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র রাসেল, ইমরান, রিয়াদ ও রিপন রুয়েট ক্যাম্পাসের পার্শ্ববর্তী তালাইমারী এলাকার একটি রেস্তোরাঁয় খেতে যান। এ সময় অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাসান স্থানীয় কয়েকজনকে নিয়ে রুয়েটের ওই ছাত্রদের ওপর হামলা চালান। এ সময় রুয়েটের শিক্ষার্থীদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহতাবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেন। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। হামলার পর তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। রুয়েটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা এরপর কলেজের চেয়ার-টেবিল, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা কলেজের অফিসে আগুন ধরিয়ে দেন। এতে অফিসের চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনার জের ধরে স্থানীয় এলাকাবাসী অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যৌথভাবে রুয়েটের ছাত্রদের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় রুয়েটের সিভিল বিভাগের ছাত্র মহসীন, সাদী, দেলোয়ার, রনিসহ স্থানীয় সাত-আটজন ব্যক্তি ইটের আঘাতে আহত হন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।পরে বেলা তিনটার দিকে রুয়েটের ছাত্ররা তালাইমারী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। কিন্তু পুলিশের বাধার মুখে তাঁরা অবরোধ করতে পারেননি। এ সময় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে বিক্ষুব্ধ ছাত্ররা সাংবাদিকদের ওপর চড়াও হন। তাঁরা যুগান্তর পত্রিকার রাজশাহী অফিসের ফটোসাংবাদিক আবদুল্লাহ ইকবাল, স্থানীয় দৈনিক সান সাইনের ফটোসাংবাদিক আবদুস সামাদ, এনটিভির ক্যামেরাম্যান মোহাম্মদ রুবেল ও স্থানীয় দৈনিক উপাচারের সাংবাদিক কাবিলকে লাঞ্ছিত করেন। শিক্ষার্থীরা আবদুস সামাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন।সাংবাদিকদের লাঞ্ছিত করা, ক্যামেরা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তালাইমারী এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সাংবাদিকেরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। পরে তাঁরা রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও রুয়েটের উপাচার্যের সঙ্গে সাক্ষাত্ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে সাংবাদিকেরা ক্যামেরা ভাঙচুরের ক্ষতিপূরণ দাবি করেন।রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।