সংঘর্ষের প্রস্তুতিকালে লাঠিপেটা, ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আটক
কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের লাঠিপেটায় ১৫ জন কর্মী আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে গতকাল শনিবার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে দুই পক্ষ অবস্থান নেয়। কলেজের পূর্ব পাশে জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর সাইফুলের পক্ষ ও পশ্চিম পাশে সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সমর্থকেরা অবস্থান নিয়ে মহড়া দিতে থাকেন। একপর্যায়ে সাইফুলের সমর্থকেরা মিছিল শেষে সমাবেশ শুরু করেন। অন্যদিকে সাইফুরের সমর্থকেরাও মহড়া দিতে থাকেন। খবর পেয়ে কলেজের চারপাশে পুলিশ অবস্থান নেয়।সমাবেশের শেষ পর্যায়ে কুষ্টিয়া সদর থানার পুলিশ সাইফুলের সমর্থকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় সাতজন আহত হন। পুলিশ একজনকে আটক করে।এ সময় পুলিশের একটি দল কলেজের পশ্চিম পাশে সাইফুরের সমর্থকদের লাঠিপেটা করে। এতে আটজন আহত হন। সেখান থেকে পুলিশ পাঁচজন কর্মীকে আটক করে। পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন: জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর সাইফুল ইসলাম, ছাত্রলীগের কর্মী লেলিন, সাধন, লাল, রাজীব, নয়ন, রাকিব, শুভ, বাপ্পী ও নাজমুল।কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, কলেজে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।