সংঘর্ষের সময় আ.লীগ নেতার ছেলের রগ কর্তন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামে একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন৷ এ সময় সালাহউদ্দিন আহমেদ (২২) নামের একজনের ডান পায়ের রগ কেটে দেন প্রতিপক্ষের লোকজন।
আহত সালাহউদ্দিন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বদু তালুকদারের ছেলে৷ তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের প্রায় ১০ একর জমি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি। ওই জমি ৪০ বছর ধরে স্থানীয় ভূমি কার্যালয় থেকে ইজারা নিয়ে মোকলেস খান মাছের ঘের বানিয়ে ভোগদখল করছেন। আওয়ামী লীগ নেতা বদু তালুকদার সুনীল মণ্ডল নামের একজনের কাছ থেকে দলিল করে ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন৷ তাই এ জমি নিয়ে ২০ বছর ধরে দুই পক্ষের হামলা ও মামলা চলছে৷
সকাল ছয়টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে বদু তালুকদারের ছেলে সালাহউদ্দিন, তাঁর পক্ষের সাইফুর জমাদ্দার, আছিয়া বেগম, লাবনী আক্তার ও সাইদুর রহমান আহত হন৷ তাঁদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ সংঘর্ষে আহত মোকলেস খান পক্ষের মোক্তার হোসেন, আবদুল জব্বার, রাসেল ও মাসুম বিল্লাহকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোকলেস খান বলেন, ‘বদু তালুকদার ভুয়া দলিল তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন৷ ইতিমধ্যে বড় ভাই আবদুল মোতালেব তালুকদার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় বদু তালুকদারের ক্ষমতার দাপট বেড়ে গেছে। ওই দাপট দেখিয়ে আমার ভোগদখলে থাকা জমি অবৈধ দখল করার চেষ্টা করলে সকালে সংঘর্ষ বাধে।’
বদু তালুকদার বলেন, ‘জমি আমাদের দখলেই রয়েছে। মোকলেস খান সকালে ওই জমির দখল নিতে গিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালান৷’
কলাপাড়া থানার ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।