হুমকিধমকি, সংঘর্ষ, পুলিশের বহনকারী গাড়ি ভাঙচুর ও গুলির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মানিকনগর হাইস্কুল কেন্দ্রে প্রায় চার ঘণ্টা ভোট বন্ধ ছিল।
মানিকনগর হাইস্কুল কেন্দ্রটি ৭ নম্বর ওয়ার্ডের। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান জানালেন, ‘সাত-আটজন লোক এসে হুমকিধমকি দেওয়ায় ভোট গ্রহণ বন্ধ করতে বাধ্য হয়েছি।’ ওরা কারা—জানতে চাইলে তিনি চুপ থাকেন।
গতকাল বেলা ১১টার দিকে ওই এলাকায় দেখা যায়, বিএনপির বিদ্রোহী ও পলাতক প্রার্থী শামসুল হক ওরফে কাজলের সমর্থকেরা আওয়ামী লীগ-সমর্থিত কমিশনার প্রার্থী আবদুল বাসিত খান ওরফে বাচ্চুর লোকজনের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে হইচই শুরু করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং গুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। এর আগে সকাল পৌনে নয়টার দিকেও দুই পক্ষে সংঘর্ষ হয় এবং কাজলের তিনজন সমর্থক আহত হয়। সংঘর্ষের সময় পুলিশের বহনকারী দুটি গাড়ি (রিকুইজিশন করা) ভাঙচুর করা হয়।
এলাকায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. ফারুক পরে বলেন, ‘নিজেদের ও ভোটারদের নিরাপত্তার জন্যই ভেতরে অবস্থান করি।’
সংঘর্ষ ও গুলির পর একপর্যায়ে কাজলের লোকেরা এলাকা ছেড়ে চলে যায়। পরে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ওই ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রিসাইডিং কর্মকর্তাকে পরিস্থিতি অনুকূলে থাকলে ভোট চালু করার কথা বলে যান তিনি। বেলা পৌনে তিনটার দিকেও কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ দেখা যায়।